শিরোনাম

মসজিদকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা হয়েছিল’ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

মসজিদকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা হয়েছিল’ : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, তাই মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।

শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তাঁরা কোনো ধর্মীয় মাহফিলের বিরোধী নন; বরং এ ধরনের আয়োজনকে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের নেতাকর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় অনুষ্ঠানে বক্তা নির্বাচন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিটি মাহফিলে এমন বক্তা রাখা উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য না দিয়ে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে ইসলামের শিক্ষা দেবেন। রাজনৈতিক প্রচারের পরিবর্তে ধর্মের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কোরআন-হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করে তাঁদের মাধ্যমে মাহফিল আয়োজন করা উচিত। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তিনি স্বাগত জানানোর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং মাহফিল আয়োজনে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং পঞ্চগড় জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর