শিরোনাম

শুটিংয়ে অনুপস্থিতি, ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা: অভিনেতা পাভেলের বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

শুটিংয়ে অনুপস্থিতি, ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা: অভিনেতা পাভেলের বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

ধারাবাহিক নাটকের শুটিংয়ে নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া এবং বারবার শিডিউল পরিবর্তনের অভিযোগ উঠেছে অভিনেতা সাঈদুর রহমান পাভেলের বিরুদ্ধে। তাঁর অনুপস্থিতির কারণে পুরো শুটিং পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। এতে ১৮ থেকে ২০ লাখ টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন নির্মাতা।

রোববার মধ্যরাতে অভিনেতা পাভেলের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মানসুর আলম নির্ঝর।

সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, গত ১২ তারিখ থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সাঈদুর রহমান পাভেল।

নির্ঝর বলেন, গত ১৫ তারিখে ধারাবাহিকটির প্রথম পর্বের বিয়ের দৃশ্যের শুটিং নির্ধারিত ছিল। ওই দিন ১৫ জন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারসহ শুটিং ইউনিটের সবাই উপস্থিত থাকলেও পাভেল সেখানে আসেননি। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করায় তাঁকে ছাড় দেওয়া হয়। এ ঘটনায় তাঁর কাছ থেকে কোনো ক্ষতিপূরণও দাবি করা হয়নি।

নির্মাতার অভিযোগ, পরবর্তী সময়ে একই সেটে টানা দুই দিন শুটিং হলেও শনিবার আবারও অনুপস্থিত থাকেন অভিনেতা। এতে শুটিংয়ের পূর্বনির্ধারিত পরিকল্পনা ব্যাহত হয় এবং পুরো আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

নির্ঝরের দাবি, বারবার শিডিউল পরিবর্তন ও অভিনেতার অনুপস্থিতির কারণে শুটিং ব্যবস্থাপনায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১৮ থেকে ২০ লাখ টাকা হতে পারে।

এ পরিস্থিতিতে অভিনেতা সাঈদুর রহমান পাভেলের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন নির্মাতা। পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে অভিনেতা সাঈদুর রহমান পাভেলের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর