শিরোনাম

কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর খুরমী বিওপির দক্ষিণে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার ‘বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোটে করে ওই ১০-১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন।

বিষয়টি খুরমী বিওপির টহল দলের নজরে আসার পর বিজিবি সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে বিজিবির অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে আনুমানিক সকাল ১১টার দিকে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে বিজিবি জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর