নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিন ফরাজীর বিরুদ্ধে দলের কঠিন সংকটকালে দায়িত্ব থেকে পদত্যাগ করে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল ও রাজপথের নেতাকর্মীরা। তাদের দাবি, দলের সবচেয়ে কঠিন সময়ে যখন নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিলেন, তখন দায়িত্ব ছেড়ে দেওয়া ছিল তার রাজনৈতিক অবস্থানের বড় প্রশ্ন।
তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বিএনপির সংকটময় সময়ে নেতৃত্বের কাছ থেকে তারা যেখানে সাহস, ত্যাগ ও সাংগঠনিক দৃঢ়তা প্রত্যাশা করেছিলেন, সেখানে মতিন ফরাজীর পদত্যাগ তাদের হতাশ করেছে। তার ওই সিদ্ধান্তকে অনেকে দলের আদর্শ ও সাংগঠনিক দায়িত্বের প্রতি অনাস্থা হিসেবেও দেখছেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, রাজপথে যখন দলের ত্যাগী নেতাকর্মীরা মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো কোনোভাবেই একজন দলীয় নেতার প্রত্যাশিত ভূমিকা হতে পারে না। তাদের ভাষ্য, সংকটের সময়ে যারা মাঠ ছেড়ে দেন, পরিস্থিতি অনুকূলে এলে তাদের আবার সক্রিয় হওয়ার প্রবণতা তৃণমূলের কাছে ‘সুবিধাবাদী রাজনীতি’ হিসেবেই বিবেচিত হয়।
তারা আরও অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে সুযোগ বুঝে রাজনৈতিক অবস্থান পরিবর্তনকারীরা শেষ পর্যন্ত দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দেন। এমনকি এ ধরনের কর্মকাণ্ড প্রতিপক্ষের রাজনৈতিক স্বার্থকেও পরোক্ষভাবে সহায়তা করতে পারে বলে মনে করছেন তারা।
শিবপুরের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দাবি, মতিন ফরাজীর পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন নয়। দলের কঠিন সময়ে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এখন দল যখন সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন অতীতের ভূমিকা মূল্যায়ন করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে।