বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত দুটি বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টের কাছাকাছি একটি স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ টহলের সময় ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় লেবুভর্তি দুটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তা দুটির বিষয়ে সন্দেহ হলে সেগুলো তল্লাশি করা হয়। পরে ভেতর থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
তবে ঘটনাস্থলে মাদকের মালিক বা পাচারকাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।