শিরোনাম

ভারত থেকে আনা ১৮টি নতুন রেলকোচ পৌঁছাল ঈশ্বরদীতে

ভারত থেকে আনা ১৮টি নতুন রেলকোচ পৌঁছাল ঈশ্বরদীতে
ছবি প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ কোচের প্রথম চালানের ১৮টি নতুন যাত্রীবাহী কোচ দর্শনা হয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছেছে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যায়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটে কোচগুলো ঈশ্বরদী জংশন স্টেশনের ১ নম্বর লাইনে এসে পৌঁছায়। রাত ১০টা ১৩ মিনিটে সেখান থেকে আজিমনগর হয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে যাত্রা করে কোচগুলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) রবিউল ইসলাম জানান, কোচগুলো ইতোমধ্যে ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার পথে রওনা হয়েছে। সেখানে কোচগুলো নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কেবিন ও দুটি এসি পাওয়ার কার। এসব কোচে নন-এসি আসন রয়েছে ১০৪টি এবং এসি আসন ৮০টি। এ ছাড়া স্লিপার কেবিনে দিনে ৪৮টি ও রাতে ২৪টি আসনের ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ভারত থেকে আসা কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছালে বাংলাদেশ রেলওয়ের পক্ষে সেগুলো গ্রহণ করেন প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস ও সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদ। এ সময় ভারতীয় প্রতিনিধি মিরাজ ও আকরামসহ বাংলাদেশ ও ভারতের রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ের জন্য আমদানি করা ২০০টি ব্রডগেজ কোচ পর্যায়ক্রমে দেশে আসার কথা রয়েছে। এসব কোচ যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রেলসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর