শিরোনাম

মধ্যপাড়া খনির ৫২ শ্রমিকসন্তান পেল শিক্ষা উপবৃত্তি

মধ্যপাড়া খনির ৫২ শ্রমিকসন্তান পেল শিক্ষা উপবৃত্তি
ছবি প্রতিনিধি

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে সহায়তা করতে মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের ৫২ সন্তানের হাতে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ তুলে দিয়েছে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় খনির সামনে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। জিটিসির নির্বাহী পরিচালক আলহাজ মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপবৃত্তি বিতরণ করেন প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন।

দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা উত্তোলনকারী প্রতিষ্ঠান মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের দায়িত্ব পালন করছে জার্মানীয়া করপোরেশন লিমিটেড এবং বেলারুশের ট্রেস্ট এসএসের যৌথ উদ্যোগে গঠিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

খনিতে কর্মরত শ্রমিকদের পাশাপাশি খনি এলাকার মানুষের কল্যাণেও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে স্থাপন করা হয়েছে ‘জিটিসি চ্যারিটি হোম’। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় অর্ধশত রোগী এ সেবা গ্রহণ করেন।

খনি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণে স্থানীয় বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর