শিরোনাম

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি কিল-ঘুষি ও লাথি মারছেন শাহেদ।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন জুয়েল। অভিযোগ রয়েছে, এ সময় শাহেদ তাঁর অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগের কক্ষে আশ্রয় নিলেও সেখানেও তাঁকে মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত হন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, “হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক। হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আমরাও আতঙ্কে আছি।”

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা শাহেদের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তাঁর কোনো পদ-পদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাঁরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর