শিরোনাম

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শহীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

এ ছাড়া বক্তব্য দেন পল্টু বাসার, কোস্টাল সংস্থার শাহীন এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের এ সময়ে নাগরিকদের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর