শিরোনাম
ছররা গুলিতে আহত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কসংলগ্ন এলাকায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছররা গুলির স্প্লিন্টার লেগে একজন সাংবাদিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দৈনিক আমাদের সময়-এর খুলনা প্রতিনিধি সৈয়দ রানা কবীর এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর খুলনা প্রতিনিধি আওয়াল জাতিসংঘ শিশু পার্কসংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এ সময় একটি মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে সাংবাদিকরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ছররা গুলির স্প্লিন্টার সাংবাদিক আওয়ালের শরীরে বিদ্ধ হলে তিনি আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনার পর খুলনা নগরীর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর