শিরোনাম

টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

চাকরির ইন্টারভিউ দিতে গাজীপুরের টঙ্গীতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ মার্কেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরের পর তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় সেখানে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাকে শনাক্ত করেন। পরে ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা তৈরি হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, আটক তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা খোঁজ নেওয়া হচ্ছে। সোমবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হবে।

 

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর