রংপুর ব্যুরো: রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ণ ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের হত্যাকাণ্ড রংপুরের ইতিহাসে একটি বড় হত্যাকাণ্ড। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত জরুরি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারও সম্পৃক্ততা থাকলে তদন্তের মাধ্যমে তাকেও শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, তদন্তে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে—তা নিশ্চিত করতে হবে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের ভূমিকা তদন্তের আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল এবং দ্রুত বিচার সম্পন্ন হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ত্রাণমন্ত্রী।
এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালটির অবকাঠামো ও চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ছয়তলা বার্ণ ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণকাজ শুরু হচ্ছে। হাসপাতালটির সক্ষমতা বাড়ানো গেলে রংপুরসহ উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।