ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সাত যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে পুলিশ পরবর্তী সময়ে তথ্য জানাবে।