শিরোনাম

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাদক ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, মাদক ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং (সীমান্ত বেড়া) নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এতে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক উৎপাদন, সরবরাহ ও চোরাচালান প্রতিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। মাদক উৎপাদন ও সরবরাহের মূল উৎস চিহ্নিত করে সেগুলো নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ শনাক্ত করতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের সুপারিশ করেন। তাঁর মতে, শুধু মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করলেই হবে না; এর পেছনে থাকা অর্থনৈতিক নেটওয়ার্কও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি উন্নত দেশগুলোর মতো সীমান্ত এলাকায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্স বা ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করার পরামর্শ দেন।

মাদকাসক্তি নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো একটি মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুটগুলো চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বিত নজরদারি, যৌথ অভিযান এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়িত হলে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুটগুলোতে নজরদারি ও সীমান্ত সুরক্ষা জোরদারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক কারবারের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদার করার বিষয়গুলোই ছিল বৈঠকের আলোচনার প্রধান বিষয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর