শিরোনাম

হোয়াটসঅ্যাপে কয়েদির পেটে অস্ত্রোপচার, বের হলো গ্যাস লাইটার-নেইল কাটারসহ বিভিন্ন বস্তু

হোয়াটসঅ্যাপে কয়েদির পেটে অস্ত্রোপচার, বের হলো গ্যাস লাইটার-নেইল কাটারসহ বিভিন্ন বস্তু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরাসহ কয়েকটি বস্তু বের করেছেন চিকিৎসকরা। পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হলে অস্ত্রোপচার করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, কয়েদি হাসমত আলী (৪৪) পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন স্থান থেকে এসব বস্তু সংগ্রহ করে খেয়ে ফেলতেন বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

সূত্র জানায়, গত ৩১ অক্টোবর রাতে হাসমত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। পরে ৪ নভেম্বর তার পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকরা গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।

হাসমত আলী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তিনি ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামের জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন গণমাধ্যমকে জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর