শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে দিনরাত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের শিকটিহাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শন করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে বিজিবির নির্ধারিত নম্বরে যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
পরে তিনি তোড়িয়া ইউনিয়নের বারঘাটি দুর্গামন্দির পরিদর্শন করেন। সেখানে মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তবর্তী দুর্গাপূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে টহল দল ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপগুলোতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।