শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী কার্যক্রম চালাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক। তাঁর মতে, মাদক নির্মূলের উদ্দেশ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত পরিস্থিতির শিকার হয়েছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুনভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি মাঠে নেমেছিলেন বলে তাঁর ধারণা। তবে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি বলেন, “সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের শিকার হন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”

এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষ হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন রয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় অনুভূতির প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। কোনো কর্মকাণ্ডে যেন হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ, দুঃখ বা আঘাতের অনুভূতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন। একে অপরের সঙ্গে বসে কথা বললে সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর