রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণের পর এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে। এর কিছুক্ষণ পর মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে।
তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রাজধানীতে কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
মালিবাগ-মৌচাকের ঘটনার আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।
এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রায় একই সময়ে শিল্পাঞ্চল থানার আওতাধীন সাউথ ইউনিভার্সিটির সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফার্মগেটে বাসে অগ্নিকাণ্ড ও সাউথ ইউনিভার্সিটির সামনে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।