শিরোনাম

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডে প্রবাসী তিন ফুটবলার

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডে প্রবাসী তিন ফুটবলার

প্রথমবারের মতো আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়। টুর্নামেন্টে অংশ নিতে শিগগিরই দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে কয়েকজন খেলোয়াড়ের ভিসা জটিলতায় সফর এক-দুই দিন পিছিয়ে যেতে পারে।

টুর্নামেন্ট সামনে রেখে এখন আলোচনায় ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। জাতীয় দলের একাধিক সূত্র জানিয়েছে, অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে দল সাজিয়েছেন কোচ টমাস ডুলি। আজ অথবা আগামীকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা হতে পারে।

দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সেন্টারব্যাক মঞ্জুরুর রহমানের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর।

প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। এরই মধ্যে ইয়াসার ও দেবজিৎ ক্যাম্প থেকে বাদ পড়েছেন। বাকি চারজনের মধ্যে শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ চূড়ান্ত দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলা ফারহান আলীকেও দলে দেখা যেতে পারে।

ঢাকার ক্যাম্পে না থাকলেও ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী ও শমিত সোম। তাঁদের অন্তর্ভুক্তি বাংলাদেশের মাঝমাঠে অভিজ্ঞতা যোগ করবে।

বাংলাদেশের সম্ভাব্য ২৩ সদস্যের স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন।

ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মন, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, শাকিল হোসেন/জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়া।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম ও শেখ মোরছালিন।

ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী ও ফয়সাল আহমেদ/মিনহাজুল করিম।

গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ

আসিয়ান কাপের ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ডুলির দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। ম্যাচগুলো সম্প্রচার করবে টি স্পোর্টস।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও ডিভিশন-১-এর প্রতিটি দলের একটি করে ম্যাচ থাকবে। ‘এ’ ও ‘বি’ গ্রুপে দলগুলোর অবস্থানের ওপর নির্ভর করবে ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর