শিরোনাম

সৈয়দপুরে গলাকাটা যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

সৈয়দপুরে গলাকাটা যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশের জঙ্গল থেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার রেলওয়ে কারখানার নিরাপত্তা প্রাচীরসংলগ্ন রেললাইনের পাশের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

আহত হৃদয় ইসলাম সৈয়দপুর উপজেলার চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে। তিনি পেশায় একটি হোটেলের তন্দুর রুটি তৈরির কারিগর।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে কয়েকজন হাঁটতে বের হয়ে রেললাইনের পাশের জঙ্গলে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় হৃদয়কে পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে আহতের পকেটে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার শাশুড়ি মিনা বেগম সেখানে পৌঁছান।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাইয়ুল কবির রাজীব জানান, ধারালো অস্ত্র দিয়ে হৃদয়ের গলায় আঘাত করা হয়েছে। এছাড়া তার হাত ও পায়েও ধারালো অস্ত্রের একাধিক জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর