শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গত ৩০০ পরিবারে পলিটেকনিকের ত্রাণ

চাঁপাইনবাবগঞ্জে বন্যাদুর্গত ৩০০ পরিবারে পলিটেকনিকের ত্রাণ

‘সুশিক্ষার পাশাপাশি, মানবসেবায় এগিয়ে আসি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সি.এন.পি.আই (CNPI) স্বেচ্ছাসেবী সংস্থা ও রোভার স্কাউটসের যৌথ উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ৩০০ অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ।

সাম্প্রতিক আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে নারায়ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গতদের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ায় তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকেরা জানান, সংগঠন দুটির নিজস্ব তহবিল ও সংগৃহীত অর্থ দিয়ে জরুরি ত্রাণসামগ্রী কেনা হয়। পরে ইউনিয়নের অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মধ্যে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান উপদেষ্টা মো. ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউটস লিডার ও সি.এন.পি.আইয়ের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, উপদেষ্টা মো. আজিজুর রহমান, সি.এন.পি.আইয়ের সভাপতি হামজা, সাধারণ সম্পাদক সাকিব, রোভার স্কাউটসের সদস্য জাকিরসহ দুই সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এ সময় নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন ও প্যানেল চেয়ারম্যানও উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

অধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এই ক্ষুদ্র প্রচেষ্টা বন্যাদুর্গত অসহায় মানুষের কিছুটা হলেও উপকারে আসবে। যেকোনো দুর্যোগে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি ত্রাণ কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর