ইতালিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে নিহত মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকিরের মরদেহ আড়াই মাস পর দেশে পৌঁছেছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে তার মরদেহ দেশে আনা হয়। পরে দুপুর ৩টায় জানাজা শেষে দক্ষিণ বেতকা কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন বলেও দাবি করেছেন স্বজনরা।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, অর্থনৈতিক লেনদেন এবং দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সেখানকার আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
নয়ন ফকিরের মরদেহ দেশে পৌঁছানোর পর স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।