বাগেরহাটের ফকিরহাটে খালের পানিতে পচে থাকা সাপের দুর্গন্ধকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. শহীদ শেখ (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। যোহরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত আলী শেখের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোট হোচলা এলাকার শহীদ শেখের বাড়ির সামনে সরকারি খালে কয়েক দিন আগে একটি সাপ মেরে ফেলে রাখা হয়। পরে সাপটি পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি নিয়ে শহীদ শেখ অভিযুক্ত আলী শেখের ছোট ভাই রাকিব শেখের ওপর অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরই জেরে গত ১৪ আগস্ট দুপুর ২টার দিকে যোহরের নামাজ শেষে ছোট হোচলা পূর্বপাড়া জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে শহীদ শেখের সঙ্গে আলী শেখের দেখা হয়। এ সময় আলী শেখ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদ করলে আলী শেখ ক্ষিপ্ত হয়ে শহীদ শেখকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে তার পা চেপে ধরে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বৃদ্ধের চিৎকার শুনে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত শহীদ শেখ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় ভুক্তভোগী শহীদ শেখ ফকিরহাট মডেল থানায় আলী শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”