শিরোনাম

বিয়ের সাজে হাতে পিস্তল, ডার্ক কমেডিতে নতুন রূপে তাসনিয়া ফারিণ

বিয়ের সাজে হাতে পিস্তল, ডার্ক কমেডিতে নতুন রূপে তাসনিয়া ফারিণ

ওয়েব সিরিজে এবার একেবারেই ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বিয়ের সাজে হাতে পিস্তল, পেছনে অস্ত্রধারী কয়েকজন পুরুষ—এমন রহস্যময় লুকেই প্রকাশ পেয়েছে তাঁর নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র প্রথম ঝলক। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে ক্যামেলিয়া নামের একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত ছবির একটিতে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা যায় ফারিণকে। অন্য একটি ছবিতে তাঁর পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। ব্যতিক্রমী এই লুক প্রকাশের পর থেকেই সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

নিজের চরিত্র সম্পর্কে তাসনিয়া ফারিণ বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’

অভিনেত্রী জানান, ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার কাজ তুলনামূলক বেশি হচ্ছে। তাই এবার দর্শকদের জন্য ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, সিরিজটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করবে।

গল্পে থাকছে নানা চমক

সিরিজটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। গল্পের নির্মাণশৈলীকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পর্বে ক্লিফহ্যাঙ্গার ও গল্পের বিভিন্ন স্তর রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত তেমন একটি গল্প পাওয়া গেছে, যেখানে রয়েছে একাধিক টুইস্ট। ডার্ক কমেডি তাঁর পরিচিত জনরা হলেও কাজটি নির্মাণে চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তিনি।

সিরিজটিতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ। চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নিয়মিত কাজ করা এই অভিনেতা জানিয়েছেন, ‘ডাকাতিয়া বাঁশি’তে তাঁর চরিত্রে রয়েছে ভিন্নতা।

গান ও অভিনয়—দুই মাধ্যমেই পরিচিত আরফান মৃধা শিবলুকেও দেখা যাবে সিরিজটিতে। ফার্স্টলুকে তাঁকে বন্দুক হাতে দেখা গেলেও চরিত্রের রহস্য এখনই প্রকাশ করতে চাননি তিনি। নিজের চরিত্র প্রসঙ্গে শিবলু বলেন, এটি সহজে অনুমান করার মতো চরিত্র নয়। গল্পটি মজার হলেও তাঁর চরিত্রে রয়েছে নানা সন্দেহ ও বৈচিত্র্য। পাশাপাশি সিরিজটিতে একটি পরিবারের গল্পও রয়েছে, যা তাঁর ভালো লাগার অন্যতম কারণ।

‘ডাকাতিয়া বাঁশি’তে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর