শিরোনাম

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫, প্রাণ গেল প্রকৌশলীর

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫, প্রাণ গেল প্রকৌশলীর

নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. জামাল (৩৮)।

এর আগে বুধবার বিকেলে মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইংয়ে বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হন। নিহত জামাল ওই কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, বুধবার রাত ৮টার দিকে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসক আরও জানান, দগ্ধ অপর চারজনের মধ্যে টিপুর শরীরের ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাহজাহানের ৪ শতাংশ পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় টিপু ও জামালকে আইসিইউতে নেওয়া হয়েছিল। অন্যদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীবাড়ি ডাইংয়ের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে তাঁর প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চিকিৎসাধীন সবার চিকিৎসার ব্যয় বহন করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর পরিবারের অংশ। তাই তাঁদের সংকটে পাশে থাকা নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর