শিরোনাম

পঞ্চগড়ে ২০৩ কোটি টাকায় দ্বিতীয় করতোয়া সেতু, একনেকে অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পঞ্চগড়ে ২০৩ কোটি টাকায় দ্বিতীয় করতোয়া সেতু, একনেকে অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের খবরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেতু নির্মাণের উদ্যোগ অনুমোদন পাওয়ায় বুধবার (৭ অক্টোবর) বিকেলে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছেন।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্প অনুযায়ী, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

স্থানীয়রা জানান, করতোয়া নদীর ওপর বর্তমানে একটি কাঠের সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। সেতুটি ব্যবহার করতে গিয়ে প্রতিদিন নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের। পারাপারের জন্য প্রতিদিন ১০ টাকা করে দিতে হয়। বর্ষাকাল ও ভারী যানবাহন চলাচলের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।

এ ছাড়া কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, অসুস্থ রোগীদের উপজেলা ও জেলা সদরে চিকিৎসার জন্য নেওয়া এবং শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। নতুন সেতুটি নির্মাণ হলে এসব দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

সেতু নির্মাণের প্রকল্প অনুমোদনের খবর পেয়ে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হন। পরে তারা মিষ্টি বিতরণ করেন। এ সময় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয় বাসিন্দা জয় বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় বেশি সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য খুবই আনন্দের। সেতুটি হলে যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে।’

আরেক বাসিন্দা আসিম উদ্দিন বলেন, ‘এই সেতু হলে কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।’

পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর