শিরোনাম

শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরে গারোদের ওয়ানগালা মহোৎসব

শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরে গারোদের ওয়ানগালা মহোৎসব

নতুন ফসল ঘরে তোলার আনন্দ, শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় জামালপুরে উদ্‌যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতা, প্রার্থনা, ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি পালন করেন সম্প্রদায়ের সদস্যরা।

রোববার (২২ নভেম্বর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিঘলাকোনা এলাকার সাধু আন্দ্রে ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গারো সম্প্রদায়ের শতাধিক মানুষ অংশ নেন। উৎসবকে ঘিরে ধর্মপল্লীজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

গারো সম্প্রদায়ের ঐতিহ্য ও বিশ্বাস অনুযায়ী, শস্য দেবতা মিসি সালজংয়ের আশীর্বাদে ভালো ফসল উৎপাদিত হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নতুন ফসল আহারের অনুমতি প্রার্থনা এবং সবার মঙ্গল কামনায় ওয়ানগালা উৎসব পালন করা হয়।

সকালে ঐতিহ্যবাহী থক্কা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতিসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

উৎসবে গারো সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বাঙালিরাও অংশ নেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। প্রার্থনায় পরিবারের সুখ-শান্তি, আনন্দ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ধর্মপল্লী প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। গারো সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি দিঘলাকোনা এলাকায় বসে ছোট পরিসরের মেলা। উৎসবে শিশু, নারী ও পুরুষেরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

তবে বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানান স্থানীয়রা। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঐতিহ্য ও সংস্কৃতির টানে উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ।

গারো সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দা সারথী খকশী বলেন, ‘প্রতিবছরই আমরা এই উৎসব পালন করি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা ভিন্নতা ছিল। বৃষ্টির কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরও সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছি।’

জয় দাংগো বলেন, ‘ওয়ানগালা মূলত সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর উৎসব। প্রতিবছর ছোট-বড় সবাই মিলে আমরা এ উৎসব পালন করি। এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাই আনন্দ-উৎসবে মেতে উঠি।’

সাধু আন্দ্রে ধর্মপল্লীর পুরোহিত ফাদার অউপশরমা রোজারিও সিএসসি বলেন, ওয়ানগালা মান্দি আদিবাসী ভাই-বোনদের প্রধান ঐতিহ্যবাহী উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে তাঁরা সৃষ্টিকর্তার প্রশংসা করেন এবং ফসলসহ খাদ্যসামগ্রী দান করার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এ উৎসবের মূল উদ্দেশ্য।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর