শিরোনাম

ফকিরহাটে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রবীর ভক্ত

ফকিরহাটে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রবীর ভক্ত

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) প্রবীর ভক্ত।

প্রায় ১৩ বছর ধরে শিক্ষকতা পেশায় যুক্ত প্রবীর ভক্ত নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছেন।

আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান বিষয়ে পাঠদানকারী প্রবীর ভক্ত শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনায় উৎসাহিত করতে নিয়মিত কাজ করছেন। কঠিন বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মনোভাব বিকাশেও তিনি ভূমিকা রেখে চলেছেন।

শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে প্রবীর ভক্ত বলেন, “শিক্ষকতা শুধু জীবিকা নির্বাহের পেশা নয়, এটি একটি প্রজন্মের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব। এই স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”

প্রবীর ভক্তের এ অর্জনে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, এ স্বীকৃতি ফকিরহাটের অন্যান্য শিক্ষকদেরও শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর