ভুয়া মামলা, জমি দখল ও হয়রানির অভিযোগে বাগেরহাটের ফকিরহাটে টিকটকার নাজমা বেগম ও তাঁর স্বামী মো. কুদ্দুসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। কর্মসূচি থেকে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি ঝাড়ু মিছিল গ্রামের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাজমা বেগম ও তাঁর স্বামী কুদ্দুস দীর্ঘদিন ধরে স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তাদের দাবি, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপবাদ ছড়ানো এবং জমি দখলের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শেখ বলেন, নাজমা বেগম ও কুদ্দুসের বিরুদ্ধে এলাকার বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে। তার ভাষ্য, তারা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন এবং জমি দখলেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
ভুক্তভোগী ফাতেমা বেগম অভিযোগ করেন, তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে। এসব মামলার কারণে তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।
আরেক ভুক্তভোগী আওয়াল শেখ বলেন, তাঁর বিরুদ্ধেও মামলা করা হয়েছিল। তাঁর অভিযোগ, মামলা করার পর আপস-মীমাংসার নামে অর্থ দাবি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নারী অভিযোগ করেন, তাঁদের জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। জমি ফেরত চাইতে গেলে মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বক্তারা আরও কয়েকটি মামলার বিষয়ে অভিযোগ তুলে সেগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে নাজমা বেগম ও তাঁর স্বামী মো. কুদ্দুসের বক্তব্য জানা যায়নি।
মানববন্ধন শেষে এলাকাবাসী ঝাড়ু মিছিল নিয়ে কামটা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।