শিরোনাম

বাধা এলে ভেঙে রংপুরের দিকে এগোবে লং মার্চ: এটিএম আজহার

বাধা এলে ভেঙে রংপুরের দিকে এগোবে লং মার্চ: এটিএম আজহার

বাধা সৃষ্টি করা হলে তা অতিক্রম করে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ রংপুরের দিকে এগিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ জনগণের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্যই ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করে তা জনগণের ওপর চাপিয়ে দিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

জামায়াতের এই নেতা আরও বলেন, জনগণের ৯ দফা দাবি মেনে নিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে ঐক্যের ভিত্তিতে সরকার উদ্যোগ নেবে—এটাই বিরোধী দলের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও কৃষি উপকরণের সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

লং মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা ভেঙে লং মার্চ রংপুরের দিকে এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন জেলায় প্রস্তুতি ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালনের কথাও বলা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর