শিরোনাম

কালিগঞ্জে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

কালিগঞ্জে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

মোজাফ্ফর রহমান, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর (৮৪) মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সীমান্তবর্তী ইছামতী নদীর খারহাট এলাকায় ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, বিশেষ ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে দিনভর অভিযান চালিয়েও সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি।

অবশেষে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তিনি পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে জানালে তিনি স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি পিয়ার আলী গাজীর বলে শনাক্ত করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহে। তাঁর মৃত্যুর খবরে বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর