শিরোনাম

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহ আলম

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহ আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি বলেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। তবে নির্বাচনে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর ক্লিয়ারেন্স পাওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে।

শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী চার বছরে দেশের পাঁচ কোটি পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীসহ তাঁর নিজের স্ত্রী এবং দেশের সব পরিবারের নারীরাও এ কার্ডের আওতায় আসবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নকাজ হবে।

ভোট প্রসঙ্গে মীর শাহ আলম বলেন, আগামী পাঁচ বছর পরের নির্বাচনের কথা মাথায় রেখেই উন্নয়নকাজ করা হচ্ছে। “আমরা কারচুপির ভোট করব না। জনগণের জন্য কাজ করব। জনগণ কাজ দেখেই আমাদের ভোট দেবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল, বিসিবি পরিচালক ও কোকো মেমোরিয়াল ট্রাস্টের আহ্বায়ক সরফরাজ আলী সরফুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শ্রীমঙ্গলের পর্যটনে মাস্টারপ্ল্যান

এর আগে শুক্রবার সকালে শ্রীমঙ্গল-রাধানগর-মহাজেরাবাদ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে শ্রীমঙ্গল শিশু উদ্যান, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন বহুতল ভবন, কলেজ রোডের ময়লার ভাগাড় এবং শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মৌলভীবাজার তথা শ্রীমঙ্গলের পর্যটনশিল্পকে আরও বিকশিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এমন পরিবেশ সৃষ্টি করা হবে, যাতে দেশ-বিদেশের পর্যটকেরা নির্বিঘ্নে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর