নাজমুলের স্টাম্প উপড়ে ফেললেন রাবাদা। বাংলাদেশের ৩ উইকেটের সবগুলোই পেলেন তিনি। রাবাদার ফুল লেন্থের বল সুইং করে ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়েছিলেন নাজমুল। টপ অর্ডার বিপদেই ফেলে দিয়েছে মিডল অর্ডারকে।
নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
দিনের প্রথম আধঘণ্টা পার হয়েছে। শুরুটা বেশ কঠিন ছিল বাংলাদেশের জন্য। প্রথম বলে অভিষিক্ত মাহফিজুল আউট হওয়ার পর মুমিনুলও দ্রুতই ফেরেন। ২ রানে ২ উইকেট হারানোর পর এখন তানজিদ ও নাজমুলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। রাবাদার সর্বশেষ ওভারে দুটি দুর্দান্ত ড্রাইভও দেখা গেছে তানজিদ ও নাজমুলের ব্যাটে।
এবার মুমিনুলও
আউট হয়ে গেলেন মুমিনুল হকও। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রাবাদার বলে। অফ স্টাম্পের সামান্য বাইরের বলে একটু বাড়তি বাউন্স ছিল, মুমিনুল বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন, তাঁর ব্যাট ছুয়ে বল গেছে উইকেটকিপারের গ্লাভসে।
প্রথম বলেই আউট মাহফিজুল
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বল। ম্যাচেরও প্রথম। আর সেই বলেই আউট হয়ে গেলেন মাহফিজুল ইসলাম। কাগিসো রাবাদার বলে গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ওপেনার।
নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।
মাহফিজুলের অভিষেক
বাংলাদেশের হয়ে আজ অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলামের। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামবেন।
বাংলাদেশের একাদশে যাঁরা
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
টসে জিতে ব্যাটিং
কয়েন ছুঁড়েছেন টেম্বা বাভুমা, জিতেছেন নাজমুল হোসেন।সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক জানিয়েছেন, তিন পেসার ও এক স্পিনার রেখে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের লাইভ ব্লগে সবাইকে স্বাগত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। আজ জোহানেসবার্গে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।