খুলনায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত চিংড়ি পলাশের বাসায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় যশোর কোতোয়ালি থানার শংকরপুর বাস টার্মিনাল এলাকার ইদ্রিস তালুকদারের ছেলে রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, আটক রিফাত তালুকদারের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।