মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার সিনিয়র সহকারী ম্যানেজার শরিফুজ্জামান সোহাগের বিরুদ্ধে গ্রাহকদের সোয়া দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ওই কর্মকর্তার কাছে অর্থ দেওয়ার পরও তা গ্রাহকদের হিসাবে জমা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে তাঁরা শরিফুজ্জামান সোহাগের কাছে লাখ লাখ টাকা দেন। এ সময় তাঁদের হাতে টাকা জমার রসিদও দেওয়া হয়। পরে ব্যাংক হিসাবে লেনদেন যাচাই করতে গিয়ে তাঁরা দেখতে পান, জমা দেওয়া অর্থ তাঁদের হিসাবে জমা হয়নি।
বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ গ্রাহকেরা রোববার সকাল থেকে শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে দুপুরের দিকে তাঁরা ব্যাংকের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
গ্রাহকদের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই সিনিয়র সহকারী ম্যানেজার শরিফুজ্জামান সোহাগকে শাখায় পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে গ্রাহকদের ব্যক্তিগত লেনদেন হয়ে থাকতে পারে। অন্যদিকে গ্রাহকদের বক্তব্য, ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যেই তাঁরা ওই কর্মকর্তার কাছে অর্থ দিয়েছেন এবং এর বিপরীতে ব্যাংকের রসিদও পেয়েছেন।
ভুক্তভোগী গ্রাহকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত, তাঁদের জমা দেওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।