নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় আশিক মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডোমার পৌর এলাকার ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান গেটের সামনে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট রাউতা ডাঙাপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। সে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল আশিক। পথে ঈদগাহ ময়দান গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আশিককে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসগর আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আশিকের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।