শিরোনাম

বর্ণিল আয়োজনে সম্প্রীতির মিলনমেলা, মহালছড়ি কাপে চ্যাম্পিয়ন অর্ণিবান

বর্ণিল আয়োজনে সম্প্রীতির মিলনমেলা, মহালছড়ি কাপে চ্যাম্পিয়ন অর্ণিবান

বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ আর পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘মহালছড়ি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ফাইনাল ম্যাচকে ঘিরে মহালছড়ি স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মিলনমেলায়। খেলা উপভোগের পাশাপাশি দর্শকদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।

ফাইনালে মুখোমুখি হয় মহালছড়ি অর্ণিবান ক্লাব ও মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশ। শিরোপা জয়ের লক্ষ্যে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ৩-১ গোলে মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহালছড়ি অর্ণিবান ক্লাব।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখতে মহালছড়ি স্টেডিয়ামে বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

টুর্নামেন্টের শুরু থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এরই অংশ হিসেবে মহালছড়ি জোনের উদ্যোগে দর্শক ও খেলোয়াড়দের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, পুরো টুর্নামেন্টে মোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে শুধু ফাইনাল ম্যাচেই দর্শক ও খেলোয়াড়দের হাতে দেওয়া হয় ৫ হাজার চারা।

ফাইনাল শেষে বিজয়ী মহালছড়ি অর্ণিবান ক্লাব ও রানার্সআপ মাইসছড়ি চৌধুরীপাড়া একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ। এ সময় আয়োজক, ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। টুর্নামেন্টজুড়ে খেলোয়াড় ও দর্শকদের হাতে মোট ২৫ হাজার গাছের চারা তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, মহালছড়ির ইতিহাসে এই টুর্নামেন্ট শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকেনি। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর