শিরোনাম
সেবাগ্রহীতাদের ভোগান্তি

সিটিজেন চার্টার ছাড়াই চলছে বোদা ইউনিয়ন ভূমি অফিস

সিটিজেন চার্টার ছাড়াই চলছে বোদা ইউনিয়ন ভূমি অফিস

পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক ‘সিটিজেন চার্টার’ (নাগরিক সেবা সনদ) প্রদর্শন না করায় সেবাগ্রহীতারা সরকারি সেবার নির্ধারিত ফি সম্পর্কে অজ্ঞাত থাকছেন। এ সুযোগে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ভূমি অফিসের ভেতরে বা বাইরে কোথাও সিটিজেন চার্টার টাঙানো নেই। ফলে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, পর্চা বা খতিয়ানের নকল সংগ্রহসহ বিভিন্ন সেবার সরকারি ফি সম্পর্কে সাধারণ মানুষ কোনো তথ্য পাচ্ছেন না।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সেবামূল্যের তালিকা না থাকায় বিভিন্ন সেবার জন্য নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা জানান, একটি সাধারণ নামজারি করতে সরকারি ফি ছাড়াও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করা হয়েছে। সরকারি নির্ধারিত ফি সম্পর্কে জানা না থাকায় প্রতিবাদও করতে পারেননি।

ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ভূমি অফিসে সেবার ধরন, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকার নির্ধারিত ফি উল্লেখ করে সিটিজেন চার্টার দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক। তবে বোদা ইউনিয়ন ভূমি অফিসে এ নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না।

স্থানীয় সচেতন মহলের দাবি, তথ্য অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দ্রুত সিটিজেন চার্টার স্থাপন এবং ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বন্ধ হবে না।

এ বিষয়ে বোদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জীব কুমার রায় বলেন, ভবন রং করার সময় সিটিজেন চার্টারটি খুলে ফেলা হয়েছিল, পরে আর লাগানো হয়নি। তবে চার্টার ছাড়াই ভালো সেবা দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। বিভিন্ন শ্রেণির জমিতে কী হারে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তার মুখস্থ নেই।

ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। সিটিজেন চার্টার না থাকলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ভূমি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত সিটিজেন চার্টার স্থাপনসহ জনগণের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর