শিরোনাম

উপকূলের মানুষের পানির কষ্ট দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত

উপকূলের মানুষের পানির কষ্ট দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট ও তা মোকাবিলায় নেওয়া উদ্যোগ দেখতে বরিশাল সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল। সফরকালে তিনি জেলার বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় অফ-গ্রিড প্রযুক্তিতে পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি বরিশালের প্রকৃতি, মানুষের আতিথেয়তা ও স্থানীয় ঐতিহ্যের প্রশংসা করেন তিনি।

নদী, বদ্বীপ ও উপকূলীয় ভূপ্রকৃতির কারণে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বেশ কিছু ভৌগোলিক মিল রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, উপকূলীয় মানুষের জীবনযাত্রা ও পানির সংকট মোকাবিলায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় বাকেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় স্থাপিত অফ-গ্রিড পানি সরবরাহ ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন ডাচ প্রতিনিধি দল। এ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় মানুষের ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল বলেন, ঘরে ঘরে নিরাপদ পানি পৌঁছে দেওয়া গেলে বিশেষ করে নারী ও শিশুদের দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহের কষ্ট কমবে। একই সঙ্গে পানি সংগ্রহের ক্ষেত্রে তাদের নিরাপত্তা ঝুঁকিও কমে আসবে।

সফরকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।

ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে জানান, প্রায় দুই দশক আগে মানবিক কার্যক্রমের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। এরপর থেকে বাংলাদেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, নিরাপদ পানি নিশ্চিত করা উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃষ্টির মধ্যেও বরিশাল সফরের অভিজ্ঞতা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাচ রাষ্ট্রদূত। তিনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় মানুষের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান। ডাচ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলীয় মানুষের জীবনমানের আরও ইতিবাচক পরিবর্তন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সফরকালে রাষ্ট্রদূত বরিশালের ঐতিহ্যবাহী ভাসমান বাজারও পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রকৃতি, বাজারের পরিবেশ এবং বরিশালের মাছের প্রশংসা করেন।

সফরসঙ্গী হিসেবে ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।

সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও সুপেয় পানির সংকট বাড়ছে। এ অবস্থায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে টেকসই ও প্রযুক্তিনির্ভর পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর