শিরোনাম

প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগে অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা

প্রতারণা ও চেক জালিয়াতির অভিযোগে অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অপর্যাপ্ত তহবিলের ব্যাংক চেক দেওয়ার অভিযোগে খুলনার রূপসা উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আসামি হলেন খুলনা জেলার রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার দাসের ছেলে অনিরুদ্ধ দাস ওরফে সাগর।

বুধবার (২৯ জুলাই) বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিচয়ের সুবাদে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে টাকা ধার নেন অনিরুদ্ধ দাস। একপর্যায়ে ব্যক্তিগত সমস্যার কথা বলে ধাপে ধাপে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা নেন। ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা পরিশোধ না করে নানা অজুহাত দিতে থাকেন।

পরে গত ৭ জুন ২০২৬ তারিখে জনতা ব্যাংকের কাটাখালী শাখার একটি হিসাব থেকে ৩ লাখ ১৫ হাজার টাকার একটি চেক প্রদান করেন তিনি। তবে ৮ জুন চেকটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খুলনা শাখায় জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে সেটি ডিজঅনার হয়।

বাদীপক্ষের দাবি, এরপর আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হলেও আসামি টাকা পরিশোধ করেননি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন তিনি।

বাদী আরও অভিযোগ করেন, নগদ অর্থ নেওয়ার পর ব্যবসায় বিনিয়োগের কথা বলে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি চুক্তিপত্রের মাধ্যমে আনুমানিক দেড় ভরি ওজনের একটি স্বর্ণের হার, ১০ আনা ওজনের একটি স্বর্ণের আংটি এবং প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের বালা, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা, নিজের কাছে নেন অনিরুদ্ধ দাস। পরবর্তীতে এসব স্বর্ণালঙ্কার ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বাদী।

অভিযোগগুলোর বিষয়ে অনিরুদ্ধ দাসের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর