যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
পদাবনতি পাওয়া শিক্ষকেরা হলেন—পরিসংখ্যান বিভাগের রশীদুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শামীম হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ড. শাকিবুল ইসলাম।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক রশীদুল ইসলামকে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক শামীম হোসেনকে প্রভাষক এবং সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।
উপাচার্য জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। পদাবনমনের পাশাপাশি ওই তিন শিক্ষক কোনো নারী শিক্ষার্থীর গবেষণাকাজের তদারকি করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ এপ্রিল অধ্যাপক রশীদুল ইসলাম ও এক ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে। ওই ছাত্রী নিজের পরিচয় গোপন রেখে স্ক্রিনশটগুলো প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত পোস্ট দেন।
এর আগে একই বছরের ১৭ এপ্রিল পরীক্ষার খাতায় নম্বর টেম্পারিং ও হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ওই শিক্ষার্থী।
তবে শামীম হোসেন ও ড. শাকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।