শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার ছয় উপজেলায় এবার ৩৬১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। পূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
নরসিংদী শহর ও মাধবদীর বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখা গেছে, বাঁশ, কাঠ, খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ প্রায় শেষ। কোথাও চলছে মাটির শেষ প্রলেপ ও কারুকাজ, আবার কোথাও রং-তুলির শেষ আঁচড়। দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে চোখ, মুখমণ্ডল, পোশাক ও অলংকারের নকশা।
প্রতিমাশিল্পীরা জানান, এবার প্রতিমার চাহিদা ও দাম কিছুটা ভালো থাকলেও বাঁশ, কাঠ, খড়, মাটি ও রঙের দাম এবং কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমার কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন তাঁরা।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস বলেন, প্রশাসনের আশ্বাস অনুযায়ী পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপনে তাঁরা আশাবাদী।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, মণ্ডপগুলোর নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঁচ দিনের এই উৎসব শেষ হবে ২২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।