সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় তাঁর দ্রুত অপসারণের দাবি জানান তাঁরা।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তালা উপজেলা প্রেসক্লাব ও তালা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সহসভাপতি শামীম খান ও সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, একাত্তর টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সহসভাপতি এ ফয়সাল, কুদ্দুস পাড়, সদস্য জোহর হাসান সাগর, শফিকুল ইসলাম, এম এম জামান মনি, শাহিন আলম, আজমল হোসেন জুয়েল, শেখ ইমরান, তরিকুল ইসলাম, আতাউর রহমান, মোখলেছুর রহমান, মোতাহিরুল মাহিন, মীর মিল্টন, গোলাম রব্বানী, ফারুক সাগর, জয়দেব চক্রবর্তী, শিরিনা আক্তার, অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবুজাফর বাবু, জমির উদ্দিন, রফিকুল ইসলাম নয়ন, আরিফ বিল্লাহ, কামাল হোসেন ও হারুন অর রশিদসহ অন্যরা।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তির তাঁদের নিয়ে আপত্তিকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত। এ ধরনের মন্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
তাঁরা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ও পেশাদার উপায়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা ডা. মিজানুর রহমানের চাকরিজীবন ও তাঁর বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। তাঁদের দাবি, চাকরির প্রায় ১০ বছরে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন বলে সংশ্লিষ্ট দপ্তরাদেশের তথ্য তুলে ধরেন তাঁরা।
বক্তারা ডা. মিজানুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর দ্রুত অপসারণের দাবি জানান।