মানিকগঞ্জের দৌলতপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. মাঈনুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ, দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বাচামারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার এবং চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও একটি দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এজন্য শিক্ষকদের যথাযথ সামাজিক মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।