শিরোনাম

সাদা পোশাকে মানবিকতার বার্তা, টেকনাফ থেকে ঢাকায় পদযাত্রায় ১২ জন

সাদা পোশাকে মানবিকতার বার্তা, টেকনাফ থেকে ঢাকায় পদযাত্রায় ১২ জন

পরনে সাদা পোশাক, হাতে শান্তির নিশান ও জাতীয় পতাকা। পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ার স্বপ্ন নিয়ে টেকনাফ থেকে ঢাকার পথে হাঁটছেন ১২ জন। মানুষের সহযোগিতা ও সচেতনতা তৈরির লক্ষ্যে তাঁদের এ পদযাত্রার নাম দেওয়া হয়েছে ‘ওয়াক ফর হিউম্যানিটি’।

গত বৃহস্পতিবার সকাল ৭টায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়। ৪৫ দিনের এ কর্মসূচিতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার ঘুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা উথোয়াইংগ্যা মারমা। ২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগ পরিচালনা করে আসছেন তিনি। ২০২২ সালে লামায় ৯ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে গড়ে তোলেন ‘রংখেদং শিশু সদন’। পরবর্তী সময়ে আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় প্রতিষ্ঠা করেন ‘প্রেন্নুই শিক্ষালয়’।

উথোয়াইংগ্যা মারমার ভাষ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে চাকমা, মারমা, ম্রো, বম, খুমিসহ সাত সম্প্রদায়ের ২৬০ শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।

এ শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকেই এবার আরও বড় পরিসরে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এক হাজার শিশুর জন্য একটি সমন্বিত ক্যাম্পাস গড়ে তুলতে চান, যেখানে আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষার ব্যবস্থা থাকবে। পাশাপাশি জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

পদযাত্রার সদস্যদের সবার পরনে সাদা পোশাক। তাঁদের একজন বহন করছেন শান্তির প্রতীক সাদা নিশানা ও জাতীয় পতাকা। দলের অধিকাংশ সদস্যের বয়স চল্লিশের বেশি।

পদযাত্রা শুরুর সময় উথোয়াইংগ্যা মারমা বলেন, পাহাড়ের অনেক শিশু শিক্ষা, খাদ্য ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের অনেক সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। ফলে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে সুবিধাবঞ্চিত শিশুরা।

তিনি বলেন, ২০১০ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছেন। ২০২২ সালে মাত্র ৯ শিশুকে নিয়ে শুরু করা প্রতিষ্ঠান দুটিতে বর্তমানে ২৬০ শিশু সহায়তা পাচ্ছে। এবার এক হাজার শিশুর আবাসন, শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে চান। এ উদ্যোগ বাস্তবায়নে মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর