শিরোনাম
স্বজন ও সহকর্মীদের অশ্রুসিক্ত বিদায়

শেষকৃত্য সম্পন্ন সাংবাদিক পুলক চ্যাটার্জির

শেষকৃত্য সম্পন্ন সাংবাদিক পুলক চ্যাটার্জির

শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয়েছে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জিকে। শনিবার বিকেলে বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে শনিবার সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে সহকর্মীরা মরদেহ নিয়ে যান বরিশাল প্রেসক্লাবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, সমকাল বরিশাল অফিস, বার্তা সম্পাদক ফোরাম বরিশাল ও ফটো সাংবাদিক পরিষদের প্রতিনিধিরা।

এ সময় পুলক চ্যাটার্জির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ক্রীড়া সংগঠক আনোয়ারুল হক তারিন, সমকাল বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী এবং পুলক চ্যাটার্জির ভাই দীপক চ্যাটার্জি। এ সময় বরিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে শেষবারের মতো পুলক চ্যাটার্জির মরদেহ নগরীর কালীবাড়ি রোডে বরিশাল কলেজসংলগ্ন নিজ বাসায় নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

বিকেল ৩টার দিকে মরদেহ কাউনিয়া মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকাল বরিশাল ব্যুরো কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাঁর পকেট থেকে পাঁচটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিগুলো প্রশাসন, স্ত্রী-কন্যা, ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সমকাল বরিশাল ব্যুরো প্রধানের উদ্দেশে লেখা ছিল বলে পুলিশ জানায়।

পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, চিঠিগুলোতে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর