শিরোনাম

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শশীদল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে শশীদল সীমান্তের ২০৫৯ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছাকাছি বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন দুপুর পৌনে ২টার দিকে বলেন, এএসআই মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে ফেরত আনা হয়েছে। তাঁরা দুজনই সুস্থ আছেন।

বিজিবি জানায়, দুই বাহিনীর মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠক করে তাঁদের ফেরত আনা সম্ভব হয়েছে।

যেভাবে আটক হন দুই পুলিশ সদস্য

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেনের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মাদকবিরোধী অভিযান ও টহলের জন্য থানার পাঁচ কনস্টেবল ও একজন এএসআই দুটি সিএনজিচালিত অটোরিকশায় আশাবাড়ি সীমান্ত এলাকায় যান।

এ সময় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। একপর্যায়ে কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন।

ওসির ভাষ্য, রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে টহল দলের প্রধান এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাঁদের কাছে তুলে দেওয়া হয়।

টহল দলে থাকা অন্য চার পুলিশ সদস্য নিরাপদ দূরত্বে সরে গিয়ে বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানান। এরপর দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর