কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া-৪৭ বিজিবির জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ মহিষকুণ্ডি সীমান্তের ১৫২/১-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে দুই পুরুষ, চার নারী ও দুই ট্রান্সজেন্ডারসহ মোট আটজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করে সীমান্তে অবস্থান নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে ওই ব্যক্তিরা নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।