শিরোনাম

জামালপুরে জিল বাংলা চিনিকলের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

জামালপুরে জিল বাংলা চিনিকলের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে ৮৬ কর্মদিবসে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ৬৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

এ উপলক্ষে মিলের ক্রেইন ক্যারিয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে মিলের কর্মকর্তা-কর্মচারী, আখচাষি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. ফেরদৌসুল আলম। তিনি চলতি মৌসুমে ৮৬ কর্মদিবসে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই এবং ৫ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৫-২০২৬ মাড়াই মৌসুমে অবদান রাখায় তিনজন শ্রেষ্ঠ আখচাষিকে সম্মাননা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর