নীলফামারী জেলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি, মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণ এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে বৈশাখী সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন।
অভিযানকালে বৈশাখী সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও সন্দেশ সংরক্ষণ এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। দোকানমালিক সুশান্ত জোয়ার্দার তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, অভিযানে দুধে হাইড্রোজের উপস্থিতি এবং দুধ ও মিষ্টি তৈরির কাজে ব্যবহৃত পৃষ্ঠতলের স্বাস্থ্যসম্মত অবস্থা পরীক্ষা করা হয়।